কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ৮ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় একটি মালবাহী পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক সিজার মূল্য ৫৬ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া বিওপি চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মালবাহী পিকআপ (রেজি. নং- ঢাকা মেট্রো-ট ১৩-১৫৯৪) নিয়মিত তল্লাশির জন্য থামানো হয়। এ সময় বিজিডি-১১৩৩ সিপাহী ডগ ‘চেরী’ গাড়িটিতে মাদকের উপস্থিতির বিষয়ে সংকেত দেয়। পরে বিজিবি সদস্যরা গাড়িটির বিস্তারিত তল্লাশি চালিয়ে চালকের আসনের সামনের ড্যাশবোর্ডের ভেতরে কাপড়ে মোড়ানো একটি পোটলা থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।এ ঘটনায় পিকআপের চালক মো. নুর ইসলাম (৪২) ও তার সহযোগী মো. রুবেল (২৫)-কে আটক করা হয়। তাদের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার কুমিদার গ্রামে।উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৮ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন এবং একটি মালবাহী পিকআপ।টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” আটক দুই আসামি, উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দকৃত অন্যান্য আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।