দেশের বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন অনুষদের পক্ষ থেকে সংগৃহীত অর্থ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে। অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের থেকে সংগৃহীত মোট ২৭ হাজার টাকা রেড ক্রিসেন্ট সোসাইটির তহবিলে প্রদান করা হয়।আজ বৃহস্পতিবার আইন অনুষদের ডিন এই অর্থ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিদের নিকট হস্তান্তর করেন। এ সময় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক তামান্না আজিজ তুলি এবং আ জ ম উমর ফারুক সিদ্দিকী উপস্থিত ছিলেন। অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও নিজস্ব ফান্ড থেকে এই অর্থ সংগ্রহ করা হয়।এই মানবিক উদ্যোগ সম্পর্কে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বলেন,"আইন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে এবং অনুষদের নিজস্ব ফান্ডের সহযোগিতায় আমরা এই অর্থ সংগ্রহ করেছি। দুর্যোগের এই কঠিন সময়ে যারা নিরলসভাবে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে, সেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির হাতে আমরা আজ এই অর্থ তুলে দিয়েছি।এখানে অর্থের অংকটা বড় কথা নয়; বরং আমাদের শিক্ষার্থীরা যে স্বতঃস্ফূর্তভাবে এবং শিক্ষকরা আন্তরিকতার সাথে এই উদ্যোগে সাড়া দিয়েছেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা মনে করি, এই ভয়াবহ দুর্যোগে বানভাসি মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সচেতন নাগরিক হিসেবে আমরা যদি আজ তাদের পাশে না দাঁড়াই, তবে তা হবে মানবিকতার চরম স্খলন।আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মাঝে এই মানবিক বোধ ও দাতব্য কার্যক্রমের চর্চা টিকিয়ে রাখা। আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে, নীতি নির্ধারণ করবে। তাই তাদের ভেতর এই সহমর্মিতার চর্চা থাকা অত্যন্ত জরুরি। অতি অল্প সময়ের আহবানে সাড়া দিয়ে এই ফান্ড গঠনে সহযোগিতা করায় আমি অনুষদের সকল শিক্ষক ও শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে তারা এভাবে সক্রিয় ভূমিকা রাখবে।"