ভোট না দিলে ঘরবাড়ি পোড়াইয়া ছারখার করে দেব
সৈয়দ আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা হারানো সাবেক এমপি ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর ভোটারদের হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত সোমবার রাতে দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার গ্রামে বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের পক্ষে আয়োজিত একটি উঠান বৈঠকে তিনি ওই হুমকি দেন। ভিডিওতে ভোটারদের মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে তাদের ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব। আমি কিন্তু কথাটা খুব পরিষ্কারভাবে বলতাছি। এটা মনে কইরেন না আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলতেছি, এটা পারলে রেকর্ড করে ফেসবুকে ছাইড়া দিতে পারেন, আমার কোনো অসুবিধা নেই।বক্তব্যের এক পর্যায়ে তিনি আরও বলেন, ‘আমাকে যেন অপমানিত না হতে হয়। আমি যদি অপমানিত হই, সেই অপমানের শোধ আমি ওইভাবে নেব কিন্তু। ঠিক আছে না? আপনারা কি আমাকে অপমানিত হইতে দেবেন?’ এ সময় উপস্থিত লোকজন ‘না’ বলে জবাব দেন। এরপর মঞ্জুরুল বলেন, ‘তাইলে সবাই কিন্তু ১২ ফেব্রুয়ারিতে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। গত ৪ ফেব্রুয়ারি কুমিল্লা-৪ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থনের ঘোষণা দেয় বিএনপি। এরপর থেকেই তাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছেন প্রার্থিতা হারানো মঞ্জুরুল আহসান মুন্সী। এদিকে মঞ্জুরুল আহসানের এই বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর কুমিল্লা-৪ আসনে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা। এ বিষয়ে মনজুরুল আহসান মুন্সীর দাবি, ভিডিওটি কেটে বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। মঞ্জুরুল আহসান মুন্সীর নিজের ফেসবুকেও পূর্ণাঙ্গ বক্তব্যের ভিডিওটি শেয়ার করা হয়েছে।তিনি বলেন, বিষয়টি ছিল মূলত কথার কথা। উঠান বৈঠকটি হয় রাত প্রায় ২টার দিকে। আমি সকাল ৯টা থেকে বের হয়ে সারা দিন ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনী সভা ও উঠান বৈঠক করেছি। খুবই ক্লান্ত অবস্থায় কথার কথা বলতে গিয়ে এমন কথা বলেছি। কেউ কেউ বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে।কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, ‘ভিডিওর বক্তব্যটি মঞ্জুরুল আহসান মুন্সীর ব্যক্তিগত। এটি দলীয় বক্তব্য নয় এবং এর দায়ভারও দলের নয়। আমরা এ বক্তব্যের জন্য বিব্রতবোধ করছি।মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থি বক্তব্য ও কার্যকলাপের জন্য মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।