শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। এরই অংশ হিসেবে আজ গাইবান্ধায় র্যাব-১৩ এর পক্ষ থেকে এক বিশেষ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে যেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন, অতিরিক্ত পুলিশ সুপার সিপিসি ৩ কম্পানি কমান্ডার, তরিকুল ইসলাম।ব্রিফিংয়ে জানানো হয় যে, জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে র্যাবের টহল জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি বা নাশকতা রোধে র্যাবের বিশেষ স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক মোতায়েন থাকবে। বিশেষ করে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোটাররা যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সাইবার মনিটরিং সেলও সক্রিয় রাখা হয়েছে।র্যাব কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, নির্বাচনে কোনো ধরণের বিশৃঙ্খলা বা পেশিশক্তির ব্যবহার বরদাস্ত করা হবে না এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বাচনের উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে র্যাব-১৩ স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে বলে ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।