উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী ||
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে অচেতন হয়ে লুৎফুন্নাহার রোমানা (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের দক্ষিণ আলী রোড এলাকার রজবেন্নেছা মসজিদ সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।নিহত রোমানা ওই এলাকার বাসিন্দা আবু নাছেরের স্ত্রী। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে গেলে শুরু হয় বৃষ্টি। এ সময় বাড়ির পাশের জমি থেকে গরু আনতে বের হন রোমানা। গরু নিয়ে ফেরার পথে রাস্তার ওপর পৌঁছামাত্র বিকট শব্দে বজ্রপাত হয়। মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।ঘটনার পর স্থানীয় লোকজন ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, বজ্রপাতের শব্দ এতটাই ভয়াবহ ছিল যে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই প্রথমে বুঝতেই পারেননি কী ঘটেছে। পরে রোমানাকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার অভিযান শুরু করা হয়।এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ নুরুল হাকিম বলেন, “বজ্রপাতের বিকট শব্দে ওই গৃহবধূ অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”এদিকে, সাম্প্রতিক সময়ে নোয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে বৃষ্টি ও বজ্রপাতের সময় খোলা মাঠ, রাস্তা কিংবা গাছের নিচে অবস্থান না করার জন্য সচেতন মহল সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।