উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি ||
গাইবান্ধায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জাতীয় পাট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।পাট শিল্প গড়ে তুলুন কর্মসংস্থান সৃষ্টি করুন—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা পাট দপ্তরের যৌথ আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।শুক্রবার (৬ই মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ কে এম হেদায়েতুল ইসলাম। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা কৃষি অফিসার,মোঃ রফিকুল আলম, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম সহ আরো অনেকে।সভায় বক্তারা দেশের অর্থনীতিতে পাটের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য স্মরণ করে বলেন যে, পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধি এবং এই শিল্পের আধুনিকায়ন বর্তমান সময়ের দাবি। বর্তমান সরকার পাটশিল্পের পুনর্জাগরণে এবং বিশ্ববাজারে দেশীয় পাটের চাহিদা বৃদ্ধিতে নানামুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বক্তারা আরও বলেন যে, জলবায়ু পরিবর্তন রোধে ও পরিবেশ রক্ষায় ক্ষতিকর পলিথিনের বিকল্প হিসেবে পাটের তৈরি পচনশীল ও পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার সাধারণ মানুষের মধ্যে আরও ছড়িয়ে দিতে হবে এবং পাটচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট পাটচাষি, পাট ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন যারা প্রত্যেকেই পাটের হারানো গৌরব ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন।