উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ নাজিরুল ইসলাম ||
বগুড়ার শাজাহানপুরে বগুড়া-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোরশেদ মিল্টনের প্রথম কর্ম দিবসে উপহার হিসেবে হুইল চেয়ার পেল চলাচলে অক্ষম ৫ অসহায় ব্যক্তি। পরে উপজেলা পরিষদ চত্বরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোরশেদ মিলটন বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় বগুড়া-৪২ (গাবতলী-শাজাহানপুর) -৭ আসনকে একটি সুন্দর ও জনমানুষের বসবাসযোগ্য সমাজ বিনির্মাণ করতে চাই।দিনব্যাপী উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়া-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোরশেদ মিল্টনের প্রথম কর্ম দিবসের আলোকে উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানগণের পরিচিত ও মতবিনিময় সভা শেষে এসব কর্মসূচি সম্পন্ন করা হয়েছে।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, থানা পুলিশ, শিক্ষক প্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।হুইল চেয়ার পেলেন যেসব অসহায় ব্যক্তিরাঃ উপজেলার মাঝিড়া ইউনিয়নের অসহায় গাড়ি চালকের জন্ম থেকে প্রতিবন্ধী রুবেল হোসেন (৩০)। আড়িয়া ইউনিয়নের জামালপুর নয়মাইল হাটে ফুটপাতে হোটেল ব্যবসায়ী গোলাম রব্বানীর প্রতিবন্ধী মেয়ে রাবেয়া খাতুন (১১)। মাঝিড়া ইউনিয়নের সাজাপুর দর্জি পাড়ার মৃত্যু আব্দুল জব্বারের স্ত্রী বিধবা সাহেরা বেগম (৭০)। খোট্টাপাড়া বোহাইল এলাকার অসহায় নছিম উদ্দিনের চলাচলে অক্ষম স্ত্রী আঙ্গুরী বেগম (৬০)। মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর এলাকার মোস্তাফিজুর রহমানের চলাচলে অক্ষম স্ত্রী লাইলী বেগম (৬০)।নবাগত এমপির মাধ্যমে হুইলচেয়ার পেয়ে চলাফেরা করতে না পারা জন্ম থেকে প্রতিবন্ধী ৩০ বছর বয়সী রুবেল হোসেন বলেন, ছোট বেলায় প্রতিবন্ধী কার্ড পেয়েছি। তারপর থেকে আর কোনো সরকারি সুযোগ সুবিধা পাইনি। এতদিন পর এই প্রথম একটা হুইলচেয়ার পেলাম। এসময় প্রতিবন্ধী রুবেল নবাগত এমপি ও উপজেলা প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন। হুইল চেয়ার পেয়ে অন্যান্য অসহায় ব্যক্তিরাও নবাগত এমপির নতুন কর্ম জীবনের সফলতা কামনা করেন।