উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মেহেদী হাসান রিপন , স্টাফ রিপোর্টার ||
যশোরের অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায় পৃথক দুটি ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভয়নগরে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা এবং বাঘারপাড়ায় বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে আটটার দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেহেদী হাসান (২৪) নামে এক যুবককে দেশীয় তৈরি অস্ত্রসহ ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক মেহেদী উপজেলার বুইকারা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এর আগে সজল (২৭) নামে এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এছাড়া তার মাদক সংশ্লিষ্টতার বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।এদিকে, একই রাতে পৌনে ১০টার দিকে বাঘারপাড়া পৌর এলাকায় টিএস আয়ুবের বাসায় অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে লাল টেপে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি জব্দ করে।বাঘারপাড়া থানার এসআই (নি.) মো. ওলিয়ার রহমান জানান, উদ্ধার হওয়া বস্তুটি অবিস্ফোরিত ছিল। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।