উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি ||
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় PRAN-RFL Group–এর কার্গো ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন, যাদের মধ্যে স্বামী-স্ত্রীও রয়েছেন বলে জানা যায়।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে।নিহতরা হলেন— ইজিবাইক চালক আল আমিন (২৮) ও যাত্রী দীপ গৌতম (৬৫)। আল আমিন সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের বেলাল মিয়ার ছেলে এবং দীপ গৌতম গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়ার নারায়নের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোভ্যানটিতে দুই নারীসহ সাতজন যাত্রী সাদুল্লাপুরের দিকে যাচ্ছিলেন। পথে শাহানা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি সিএনজি হঠাৎ পিছন থেকে ওভারটেক করে। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা গাইবান্ধামুখী একটি কার্গোর সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হন আরও ৫ জন।খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাদের সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে অজ্ঞাত নারী (৩০) ও মধু ফকিরকে (৫৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।অপর আহতরা হলেন— শরিফুল ইসলাম (২৮), ফারুক মিয়া (৪৬) ও তার স্ত্রী বিউটি বেগম (২৮)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম গণমাধ্যমে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত কার্গো ও দুমড়ে-মুচড়ে যাওয়া অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। দুর্ঘটনায় কবলিত কার্গো PRAN-RFL Group–এর বলে জানা গেছে।