উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মেহেদী হাসান রিপন , স্টাফ রিপোর্টার ||
যশোরের বাঘারপাড়ায় বিভিন্ন খাত থেকে অবৈধ চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় চালকরা। আজ সকাল ১০টায় উপজেলার ইজিবাইক, ভ্যান, অটো ও সিএনজি চালকরা ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।এদিন সকালে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা একটি বিশাল মানববন্ধনে অংশ নেন। এসময় তারা সড়কে দীর্ঘদিনের চলমান চাঁদাবাজি ও চালকদের ওপর হওয়া জুলুমের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।মানববন্ধনে অংশ নেওয়া চালকরা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন পয়েন্টে তাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে। এর ফলে তারা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন। দ্রুত এই সমস্যার সমাধান না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।বিক্ষুব্ধ চালকরা বলেন, "আমরা হাড়ভাঙা খাটুনি খেটে যা আয় করি, তার বড় একটা অংশ চাঁদাবাজদের পকেটে চলে যায়। আমরা এই জুলুম থেকে মুক্তি চাই।"