উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মেহেদী হাসান রিপন , স্টাফ রিপোর্টার ||
যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় বিবাদ মীমাংসা করতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছে সৌরভ হোসেন (১৭) নামে এক কিশোর। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে বারান্দীপাড়া ফুলতলা এলাকার একটি মাঠে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই কিশোর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ১১টার দিকে সৌরভের বন্ধু ইয়ামিনের (১৮) সাথে সোহেল (২৪) নামে এক যুবকের তর্কের সৃষ্টি হয়। অজ্ঞাত কোনো বিষয় নিয়ে বাগবিতণ্ডা যখন চরমে পৌঁছায়, তখন সৌরভ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিবাদ থামানোর চেষ্টাকালে সোহেল হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে সে তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে সৌরভের উরুর পেছনে আঘাত করে। সৌরভের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত সোহেল দ্রুত পালিয়ে যায়।"আমরা চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি সৌরভ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সোহেলকে ধরার আগেই সে এলাকা ছেড়ে পালায়।" — জনৈক প্রত্যক্ষদর্শী।আহত সৌরভকে স্বজনরা উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, সৌরভের উরুতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।সৌরভ বারান্দীপাড়া ফুলতলা এলাকার শুকুর আলীর ছেলে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।