উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মেহেদী হাসান রিপন , স্টাফ রিপোর্টার ||
যশোরের শার্শায় এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল আমিন (৩৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত আল আমিন উপজেলার নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দিতেন।স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গ্রামের মসজিদে নামাজ আদায় শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন আল আমিন। পথিমধ্যে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ঘটনার সময় শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হাসান ছুটিতে থাকায় তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তারা বিষয়টি দেখভাল করছেন।থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনার নেপথ্যে থাকা কারণ ও অপরাধীদের শনাক্ত করতে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।