উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মেহেদী হাছান রিপন ||
মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টারঃযশোরের চৌগাছা উপজেলার শাহাদাত পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। শীতের সকাল উপেক্ষা করে ভোট শুরুর আগেই কেন্দ্রের সামনে ভিড় জমান এলাকার সাধারণ ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি কয়েক গুণ বৃদ্ধি পেয়ে লাইনের দৈর্ঘ্য দীর্ঘ হতে দেখা গেছে।সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের ভেতরে ও বাইরে ভোটারদের উপচে পড়া ভিড়। নারী ও পুরুষদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা থাকলেও ভোটারের সংখ্যা বেশি হওয়ায় লাইনটি প্রধান সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।ভোট দিতে আসা বৃদ্ধ রহমত আলী বলেন, "সকাল সকাল আসলাম যাতে শান্তিতে ভোটটা দিয়ে বাড়ি যেতে পারি। মানুষের লাইন দেখে ভালো লাগছে, সবাই খুব আনন্দের সাথে ভোট দিচ্ছে।" প্রথমবারের মতো ভোট দিতে আসা এক তরুণী জানান, "লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আনন্দই আলাদা।"দীর্ঘ লাইন সামাল দিতে কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে। পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা লাইনে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।