
রিপোর্ট রুবেল তালুকদার
জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলায় ভোররাতে পরিচালিত এক যৌথ অভিযানে একটি বিদেশি রিভলভার ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়, যাকে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত অপরাধী বলে জানা গেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগের দিন রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার আশেকপুর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি বিদেশি রিভলভার, একটি পিস্তলের ম্যাগাজিন, রিভলভারের ৪ রাউন্ড গুলি এবং শটগানের ১১ রাউন্ড গুলি জব্দ করা হয়।
আটক ব্যক্তির নাম মোহাম্মদ আতিকুর রহমান (৩৫)। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। সন্দেহজনক বা অপরাধসংক্রান্ত তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।