
আলামিন খান
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি সংক্রান্ত সময়সূচি ও নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মেধাতালিকা থেকে অনলাইনে ভর্তি সম্পন্নের পর কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে সময় নির্ধারণ করা হয়েছে ১০-১৭ ফেব্রুয়ারি। তবে জাতীয় নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি, ১২ ফেব্রুয়ারি নির্বাচনজনিত বন্ধ এবং ১৩-১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত শিক্ষার্থীরা ভর্তি হওয়ার জন্য মাত্র চার কার্যদিবস সময় পাবেন।
এদিকে, ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য ১৮-২৭ জানুয়ারি পর্যন্ত পছন্দক্রমের ফরম (Choice Form) পূরণের সময় নির্ধারণ করা হয়েছিল। আর মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সময় দেওয়া হয়েছে ৫ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
উল্লেখ্য, মেধাতালিকা থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পর ভর্তি নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি জমা দিতে হবে। এ কাজের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১০ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।