
হৃদয় হাসান
জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সারকারখানায় ইঁদুরের কামড়ে বৈদ্যুতিক তার কেটে যাওয়ার ঘটনায় পুরো কারখানা অচল হয়ে পড়েছে। বন্ধ রয়েছে ইউরিয়া সার উৎপাদন বন্ধ।
বৃহস্পতিবার গভীর রাতে কারখানার পাওয়ার প্লান্টে শর্ট সার্কিট হয়ে হঠাৎ ব্ল্যাকআউট দেখা দিলে বন্ধ হয়ে যায় ইউরিয়া উৎপাদন।
কারখানা সূত্র বলছে, রাত ১টার দিকে পাওয়ার প্লান্টের বৈদ্যুতিক লাইনে ইঁদুর ঢুকে তার কেটে দিলে শর্ট সার্কিট হয়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং উৎপাদন প্রক্রিয়া থেমে যায়।
বিষয়টি নিশ্চিত করে কারখানার জিএম অপারেশন মোঃ ফজলুল হক বলেন- “মধ্যরাতে পাওয়ার প্লান্টে ইঁদুর ঢুকে তার কেটে দিলে শর্ট সার্কিট হয়ে পুরো কারখানায় ব্ল্যাকআউট হয়। দ্রুত মেরামত কাজ চলছে। কাজ শেষ হলে শনিবার নাগাদ উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা করছি।”
মো. ফজলুল হক আরো বলেন, “ঘটনাটি দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। কোথায় ঘাটতি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
দীর্ঘ ২৩ মাস কারখানায় তীব্র গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ থাকার পর ২৪ নভেম্বর ২০২৫ গ্যাস সংযোগ পেয়ে উৎপাদন শুরু হলেও কখনো গ্যাসচাপ কমে যাওয়ায়, কখনো প্রযুক্তিগত ত্রুটিতে উৎপাদন থেমেছে। এবার নতুন যুক্ত হলো ইঁদুরের উপদ্রব।