
নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বহু বছর পর আপনাদের এলাকায় আসছি। এর আগে যখন এসেছিলাম তখন আপনাদের সাথে ঘুরে ঘুরে এলাকার কাজ দেখতাম। আগামীতে এই এলাকার সকল উন্নয়নে আপনাদের ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টনের মাধ্যমে করে দিব ইনশাল্লাহ। আপনারা মোরশেদ মিলটনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমার সাথে থাকবেন। আমি তো আপনাদের ঘরেরই সন্তান—আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত ধানের শীষের নির্বাচনী পথসভায় বাসের ভেতর থেকেই বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের পর তিনি সিরাজগঞ্জে বিএনপির নির্বাচনী সমাবেশে যোগ দিতে বগুড়া থেকে সিরাজগঞ্জের পথে রওনার দেন। শাজাহানপুরে হঠাৎ এই পথসভায় তারেক রহমানের উপস্থিতিতে দলীয় নেতা-কর্মী সহ বহু ভক্ত ও সমর্থকেরা ঢাকা বগুড়া মহাসড়কে ভীড় জমান। এসময় রাস্তার দু’পাশে জড়ো হওয়া বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে স্লোগানের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান। বক্তব্যে তারেক রহমান শাজাহানপুরসহ বগুড়ার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাবতলী-শাজাহানপুর উন্নয়নে বগুড়া–০৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টনকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান।
পথসভায় উপস্থিত ছিলেন বগুড়া–০৭ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোরশেদ মিল্টন, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু সাহিন সানিসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।