
নাটোরের সিংড়া উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আহত রায়হান কবীর (৪৫) সিংড়া উপজেলার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের কর্মী হিসেবে পরিচিত। দাউদার মাহমুদ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
আহতের ছেলে মেহেদী হাসান নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি প্রার্থী আনোয়ার হোসেনসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী প্রচারণা শেষে রায়হান কবীর স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের কার্যালয় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বিল তাজপুর এলাকার সড়কে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। এরপর চাপাতি ও রামদা দিয়ে তাঁর দুই পায়ের রগ কেটে গুরুতর জখম করে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে এক ভ্যানচালক তাঁকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শিবলী নোমানী জানান, আহত ব্যক্তির দুই পায়ের রগ কাটা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা গুরুতর।
আহতের বড় ভাই আব্দুল করিম দাবি করেন, রাজশাহী নেওয়ার পথে রায়হান কবীর জানান— বিএনপি প্রার্থী আনোয়ার হোসেনের কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সোহানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। এটি পারিবারিক বিরোধের জেরেও ঘটতে পারে বলে তিনি দাবি করেন।
স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। দীর্ঘদিন রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার একজন কর্মী আজ নিজের দলের লোকজনের হাতেই আক্রান্ত হয়েছেন— যা অত্যন্ত দুঃখজনক।
অন্যদিকে বিএনপি প্রার্থী আনোয়ার হোসেন বলেন, “অপরাধের কোনো দলীয় পরিচয় নেই। প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আমার কোনো কর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নয়।”
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুর নুর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রাপ্ত অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।