
দিপক চন্দ্র দেব, হোমনা -কুমিল্লা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রসংসদের প্রথম ভিপি এ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান মোল্লা।
শনিবার (২২ নভেম্বর ২০২৫) হোমনা উপজেলার নিলখী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
এ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন, স্বাধীনতা-উত্তর ‘তলাবিহীন ঝুঁড়ি’ উপমার বাংলাদেশকে ‘ইমার্জিং টাইগার’ হিসেবে বিশ্বে পরিচিত করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশ বিশ্বে মর্যাদার আসনে পৌঁছায় এবং আধুনিক, স্বনির্ভর বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়। তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেন এবং তাঁর খালখনন কর্মসূচি কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটায়।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৯০-এর গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। ১/১১-এর অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের পতনও তাঁর নেতৃত্বে সংঘটিত হয়।
তিনি বলেন, দীর্ঘ দেড়যুগ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের পর ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে—যার নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বাংলাদেশের ঐক্যের প্রতীক, যার মেধা, মনন, প্রজ্ঞা ও সাহসী নেতৃত্বেই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন, ‘‘জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে জনাব তারেক রহমানই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে গড়ে উঠবে সাম্য, মানবিক, বৈষম্যহীন, নিরাপদ এবং শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ। যেখানে থাকবে না দুর্নীতি, অনিয়ম, অনাচার—দেশ হবে সমৃদ্ধ ও স্বনির্ভর।’’
গণসংযোগ কর্মসূচিতে হোমনা উপজেলার নিলখী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।